কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ ৫ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এসআই পবিত্র সরকার।
এর আগে সোমবার রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি কুমিল্লার একটি দল লালমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ থেকে দুজনকে আটক করা হয়। পরে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক হয়ে পরানপুর বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির দল লালমাই বাজার এলাকায় অবস্থান নেয় এবং ডাকাতি সংঘটনের আগেই পাঁচজনকে ডাকাতির সরঞ্জামসহ আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি করে আসছিলেন।
গ্রেফতাররা হলেন চাঁদপুর সদর থানার হোসেনপুর এলাকার জহিরুল ইসলাম প্রধানিয়া ওরফে ফারুক (৫৩), রবিউল আলম (৩৫), হাজীগঞ্জ থানার মো. মামুন মিজি (৪৫), ফরিদগঞ্জ থানার মো. কবির ভূঁইয়া (৪০) ও মো. নজরুল ইসলাম (৩৫)।
অভিযানে একটি লোহার বেল্ট কাটার, একটি সেলাই রেঞ্চ, একটি প্লাস, একটি লোহার রড, দুটি কাঠের হাতলযুক্ত কিরিচ, একটি কাঠের হাতলযুক্ত হাসুয়া, একটি কালো রঙের কাপড়ের ব্যাগ, একটি নীল রঙের পিকআপ এবং একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

























