কোটচাঁদপুরে মাদ্রাসায় দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৯:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
মোঃতরিকুল ইসলাম ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক মো. আবুল বাসারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর পৌর এলাকার দুধসরা দারুল উলুম মাদ্রাসাতুস সুফফাহ্র একটি কক্ষে দুই শিক্ষার্থীকে ডেকে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী দুই শিশু ঘটনার পর ভয়ে কাউকে কিছু জানায়নি। পরদিন সোমবার তাদের দাদা মাদ্রাসায় দেখতে গেলে তারা কান্নায় ভেঙে পড়ে এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।
ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করেন। এ সময় তাকে মারধরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মো. আবুল বাসারকে জনতার কাছ থেকে উদ্ধার করে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



















