হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১,৩৩৬
- আপডেট সময়ঃ ০৪:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অসংখ্য রোগী। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৩৬ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩০ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে-৫৬৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২২৬, সিলেটে ১৮৩, বরিশালে ১২৯, খুলনায় ১১৮, ময়মনসিংহে ৭৩, রাজশাহীতে ২৩ এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।
এদিকে, একই সময়ে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। তাঁদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৫ হাজার ৮৮১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
সংক্রমণের ঊর্ধ্বগতি, প্রতিদিন হাসপাতালে নতুন রোগীর চাপ এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় দেশের সামগ্রিক হাম পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্য মহলে উদ্বেগ বাড়ছে।























