রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু ইউপি নির্বাচন সম্ভব নয়: সিইসি
- আপডেট সময়ঃ ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আসন্ন ইউপি নির্বাচন অবাধ, সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (২৯ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় কমিশন মনে করছে, দেশের গণতান্ত্রিক পরিবেশ তৈরির বিষয়ে দলগুলোরও ইতিবাচক অবস্থান রয়েছে।
তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে। এ কারণে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দলগুলোর সহযোগিতা প্রয়োজন।
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। কমিশনের মূল লক্ষ্য একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
নির্বাচনের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিতভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্বাচনের প্রতিটি ধাপ যেন সমানভাবে অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।




















