ঢাকার মোহাম্মদপুর থেকে খুলনার শুটার ইমরানসহ ৫ জন গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৩:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে

খুলনার শীর্ষ সন্ত্রাসী, ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য ও মাদক সরবরাহের হোতা শুটার ইমরানসহ তার চার সহযোগিকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এসআরবি-৬ ও এসআরবি-২ এর যৌথ টিম তাদের গ্রেফতার করে। রোববার এসআরবি-৬ খুলনার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসআরবি’র সূত্রে জানা যায়, রাত ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে খুলনার সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী শুটার ইমরান ও তার চার সহযোগিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- রুপসা উপজেলার দেয়াড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে শীর্ষ সন্ত্রাসী ইমরান (৪০), আইচগাতির আনোয়ার খানের ছেলে ইমন খান (২১), রাজাপুরের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ আল আমিন (২০), বাহাপুর গ্রামের মোঃ রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম (২১) ও আইচগাতি গ্রামের আব্দুল হালিম সিকদারের ছেলে হানিফ সিকদার (১৯)। এসআরবি ফোর্সেস জানায়, গ্রেফতারকৃত ইমরান ও তার সহযোগিদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে চাঞ্চল্যকর জোড়া খুন, খুলনার রূপসায় দেড় মাসের ব্যবধানে চাঞ্চল্যকর পিতা-পুত্র হত্যা, খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া খুলনা মহানগর ও জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় বি-কোম্পানির চাঁদাবাজি ও মাদক ব্যাবসা নিয়ন্ত্রণের সাথেও তাদের সম্পৃক্ততার তথ্য রয়েছে। অভিযানকালে আসামিদের তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।






















