আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করছে।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগের কিছু নেই।
ঢাকায় নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করে। এটি তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।
এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের ঘটনাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ফজরের নামাজের পর সেখানে একটি ঘটনা ঘটে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টির চেষ্টা করেছিল। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের নিজেদের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ঘটনাটির বিস্তারিত তদন্ত এখনো হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।




















