ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৭৮
- আপডেট সময়ঃ ০৫:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭৮ জন।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন দুইজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩২ জনে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৬২ জন, ময়মনসিংহে ৫৯ জন, চট্টগ্রামে ১৪০ জন, খুলনায় ১২০ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ৪৭ জন, বরিশালে ৯৫ জন এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ১৬৮ জন ডেঙ্গুরোগী।




















