আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি: শফিকুর রহমান
- আপডেট সময়ঃ ০৪:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে

একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ ব্যাপকভিত্তিক পরিবর্তন চেয়েছিল।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি। একটা দলকে বিদায় করে আরেকটা দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণ ব্যাপকভিত্তিক একটা পরিবর্তন চেয়েছিল। বিশেষ করে আমাদের যুবসমাজ—যাদের কাছে এই জাতি ঋণী, বিশেষভাবে ঋণী। আমরা তাদের বুকের উষ্ণতা এবং ভালোবাসা দিয়ে সম্মান করি।’
তিনি আরও বলেন, জামায়াতের দলীয় কোনো দাবি নেই। তাদের সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে অন্য পক্ষও বলেছে, জামায়াতও বলেছে—‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে এর পুরোপুরি বাস্তবায়ন করা হবে।
জুলাই সনদের বিভিন্ন ধারায় বিএনপি ‘মতলবি ডিসেন্ট’ দিয়েছে অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় ধারাগুলো তারা রাখতে চায়। আর যেসব ধারা থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো সম্ভব হবে না, সেসব বিষয়ে তারা ভিন্নমত দিয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, কার কারণে পরিস্থিতি ভালো নেই, তা সবার সামনে পরিষ্কার। বর্তমান সরকারও সাড়ে ১৫ বছর অন্যদের মতো মজলুম ছিল। কিন্তু ৫ আগস্টের পর থেকেই তারা সবকিছু ভুলে গেছে।
তিনি অভিযোগ করেন, ৬ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কায়দায় দেশের মানুষের ওপর জুলুম শুরু হয়েছে। ব্যাপক চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো এবং রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর থেকে জাতির সঙ্গে তাদের আচরণ ইতিহাসের পাতায় বেদনাদায়ক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ অধিবেশনের শেষ দিন ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত চা-চক্রের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে জানিয়েছেন, জাতীয় ঐক্যের পক্ষে তারাও রয়েছেন। তবে জাতীয় ঐক্যের পরিবেশ সরকারই নষ্ট করেছে বলে অভিযোগ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন না—এই দুই জায়গা ছাড়া কখনো এ দেশে জাতীয় ঐক্য হবে না।’




















