জ্বালানি-সার কিনতে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে: অর্থমন্ত্রী
- আপডেট সময়ঃ ০১:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে

আজ রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি-২ মিলনায়তনে সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জ্বালানি, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য আমদানিতে দুই-তিনগুণ দাম দিতে হচ্ছে বলে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফেরানোর প্রক্রিয়ায় আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে।
অর্থমন্ত্রী বলেন, সরকার এখন অর্থনীতি পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে। জ্বালানি, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য আমদানিতে দ্বিগুণ-তিনগুণ দাম দিতে হচ্ছে। এতে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে প্রথম দিকে প্রবৃদ্ধি কম থাকলেও চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিকে গতিশীল করতে হবে।
তিনি বলেন, পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হঠাৎ তৈরি হয়নি। এর ভিত্তি ২০১৬ সালে প্রণীত বিএনপির ভিশন-২০৩০। পরে ২৭ দফা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রণয়নের মধ্য দিয়ে এই পরিকল্পনা বিকশিত হয়েছে। এটি শুধু একটি রোডম্যাপ নয়, লক্ষ্য অর্জনের কৌশলও। এখন সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব নির্ধারণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সরকারের একটি বড় আকাঙ্ক্ষা। এজন্য সরকারি-বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ ও বাজেট বরাদ্দের পরিকল্পনা করতে হবে। প্রতিটি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে চারটি বিষয় নিশ্চিত করতে হবে- অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জ্বালানি ও গ্যাসের বাড়তি দামের কারণে আমদানিজনিত মূল্যস্ফীতি তৈরি হচ্ছে, যার ওপর সরকারের নিয়ন্ত্রণ সীমিত। তবে কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৫ শতাংশে নেমেছে। এই হার আরও কমাতে হবে। অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। কোনো সূচক খারাপ হলে তা স্বীকার করে কারণ ও সংশোধনের পরিকল্পনা জানাতে হবে।
ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ খাতের বিপুল দায় রাতারাতি কাটানো সম্ভব নয়। আমানতকারীদের টাকা সুদসহ ফেরত পাওয়ার নিশ্চয়তা দেয়া হয়েছে, কোনো কর্তন করা হবে না। এতে ব্যাংকে নিট আমানত বাড়ছে। পুঁজিবাজারেও সংস্কারের ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে। তবে বাজারের গভীরতা বাড়াতে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, প্রতিটি প্রকল্পের বাস্তব সুফল ও বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি যাচাইয়ে পৃথক মূল্যায়নব্যবস্থা চালু করা হবে। বিবিএসকে সরকারের প্রভাবমুক্ত থেকে প্রকৃত তথ্য প্রকাশ করতে হবে।
পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, এনজিও, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।




















