গ্রাম থেকে শহর-সর্বত্র আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে সরকার মীর শাহে আলম।
- আপডেট সময়ঃ ০১:৫৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
মহসিনঃ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
সোমবার (২৫ মে) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের প্রতিটি উপজেলায় আধুনিক ও মানসম্মত শিক্ষা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, সরকার শুধু ভবন নির্মাণই করছে না, বরং শিক্ষার্থীদের জন্য নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে শহরের শিক্ষার সঙ্গে বৈষম্য কমিয়ে আনা হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, একই দিন বিকেলে রহবল বালিকা উচ্চ বিদ্যালয় ও হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মাণ কাজেরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

















