মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জামায়াত সেক্রেটারির
- আপডেট সময়ঃ ০২:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত সেক্রেটারি এই দাবি জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশি এসকর্টের উপস্থিতিতে সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলা চালানো হয়। গণঅধিকার পরিষদের কর্মীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে হকিস্টিক ও ইট-পাটকেল নিয়ে এই পৈশাচিক হামলা চালায় বলে অভিযোগে বলা হয়েছে। এই বর্বরোচিত হামলায় সংসদ সদস্য নিজেই এবং তাঁর পরিবারের সদস্যসহ মোট সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
পুলিশের উপস্থিতি সত্ত্বেও এ ধরনের পরিকল্পিত হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির লক্ষণ বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।























