আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেলেন মাহদী হাসানসহ ৩ জন
- আপডেট সময়ঃ ০৩:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ সদর থানায় আটকের ২১ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল (সোমবার) বিকেল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করে মাহদী হাসান ও তার লোকজন। এতে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি শহরে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ।
থানা থেকে মুক্ত হয়ে মাহদী হাসান বলেন, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ।
এর প্রতিবাদ জানালে সেখান থেকে আমাকে আটক করে থানায় নিয়ে ২১ ঘণ্টা আটকে রাখা হয়।
আরো পড়ুন
মাহদীর বাবা মাওলানা তৈয়ব আলী বলেন, আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে ২১ ঘণ্টা থানায় আটক রাখে। আজ দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দিয়েছে। তবে কি মুচলেকা দেওয়া হয়েছে বা মুচলেকায় কি লেখা হয়েছে পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও শহরে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কায় মাহদীসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।






















