কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে : কৃষিমন্ত্রী
- আপডেট সময়ঃ ০২:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৭৯ বার পড়া হয়েছে

কৃষকের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (২৯ আগস্ট) ফরিদপুরে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে কৃষকের উন্নতির জন্য যা কিছু করার প্রয়োজন, সরকার তা করবে। সরকার গঠনের পরপরই কৃষিকে উৎসাহিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষকের দুশ্চিন্তা কমাতে ১০ হাজার টাকা ঋণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, এই সরকার মনে-প্রাণে বিশ্বাস করে, কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে। অন্যভাবে বললে, দেশের উন্নতি করতে হলে কৃষকের উন্নতি করতে হবে। এটিই এই সরকারের মূল লক্ষ্য।
কৃষিমন্ত্রী আরও বলেন, চলতি বছর এখন পর্যন্ত দেশে পেঁয়াজ আমদানি করতে হয়নি।
একইসাথে দেশের কৃষকদের উৎপাদন সক্ষমতা ও কৃষি খাতের অগ্রগতির ফলে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমসহ ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























