২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ : বিমানের সোয়েব রিমান্ড শেষে কারাগারে
- আপডেট সময়ঃ ০৩:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব কাজী সজিবের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
৫ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার সোয়েবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
গেল ৬ সেপ্টেম্বর সোয়েবের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ৫ সেপ্টেম্বর দুপুরে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাস্টমস, এনএসআই, ডিএফআই ও সিআইডিসহ গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের ক্যাবিনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সোয়েব তার শরীরে লুকানো স্বর্ণের বার দৌড়ে গিয়ে বিমানের ক্যাবিনে ফেলে দেয়। পরে সেখান থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জামিল সারোয়ার আহাদ বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
























