জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের শুরু
- আপডেট সময়ঃ ১২:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসে জাপানকে ৪৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে আফগানিস্তান। বৃহস্পতিবার নিসশিনে উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১২৯ রান করে আফগানরা। জবাবে আফগান স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ৮১ রানেই অলআউট হয় জাপান।
আফগানিস্তানের জয়ের নায়ক ডানহাতি স্পিনার আরব গুল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই ৮ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খান ১৯ রানে নেন ৩ উইকেট।
টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরু শুরুটা ভালো করতে পারেনি। রান তুলেছে ধীর গতিতে। শেষপর্যন্ত ছয় উইকেট হারিয়ে ১২৯ রান তোলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ আকরাম।
লক্ষ্য তাড়ায় জাপান শুরুটা ভালোই করেছিল। অষ্টম ওভারে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫৩ রান। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানিস্তান। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় জাপান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন সাকুরানো-থমাস।
এই জয়ে ‘এ’ গ্রুপে দুই পয়েন্ট পেল আফগানিস্তান। একই গ্রুপে রয়েছে নেপাল। গ্রুপ পর্বে আফগানিস্তান ও জাপান দুই দলেরই নেপালের বিপক্ষে একটি করে ম্যাচ রয়েছে। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।























