রাজশাহীতে গাছ থেকে আম পাড়ার সময় নির্ধারণ করে দিলো প্রশাসন
- আপডেট সময়ঃ ০৭:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
অপরিপক্ক আম যাতে কেউ বাজারজাত করে ভোক্তাদের ঠকাতে না পারে, সেজন্য রাজশাহীতে গাছ থেকে আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। গাছ থেকে আম নামানোর সময়সূচি বা ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বাজারে যাতে কোনোভাবেই অপরিপক্ব আম ঢুকতে না পারে, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (১০ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম পাড়ার সময়সূচি প্রকাশ করা হয়।
ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী সকল প্রকার গুটি আম ১৫ মে থেকে, গোপালভোগ ২২ মে থেকে, রাণীপছন্দ বা লক্ষ্মণভোগ ২৫ মে থেকে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে থেকে, ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া ১০ জুন থেকে, আম্রপালি ও ফজলি ১৫ জুন থেকে, বারি আম ফোর ৫ জুলাই থেকে, আশ্বিনা ১০ জুলাই থেকে, গৌড়মতি ১৫ জুলাই থেকে গাছ থেকে পেড়ে বাজারজাত করা যাবে। এছাড়া কাটিমন ও বারি আম-১১ সারাবছর নামানো যাবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের আগে কেউ আম নামালে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, আম ব্যবসায়ী, চাষি এবং কুরিয়ার সার্ভিসের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।























