বালিয়াকান্দিতে অবৈধ মাটি উত্তোলনে তিনজনকে ২ লাখ টাকা জরিমানা
- আপডেট সময়ঃ ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ৪৯৭ বার পড়া হয়েছে
আদম আলী, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনটি মামলায় তিনজনকে দণ্ডিত করা হয়েছে। অভিযানে সর্বমোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ দুপুরে বালিয়াকান্দি উপজেলার আমতলা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার( ভূমি) বলেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা ভঙ্গের দায়ে ১৫(১) ধারায় শাস্তি প্রদান করা হয়। এ অভিযানে মোট তিনটি মামলা দায়ের করা হয় এবং তিনজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— হাসান, রাসেল ও তৌহিদ বিশ্বাস।
আদালতের রায়ে প্রত্যেক মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়, যার মাধ্যমে সর্বমোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়, সরকারি অনুমতি ছাড়া বালু উত্তোলন, জমির শ্রেণী পরিবর্তনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং নদীভাঙনসহ নানা প্রাকৃতিক ঝুঁকি বাড়ছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিতভাবে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।


























