সাদুল্যাপুর উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত ৫ টন চাল ছেড়ে দেয়ার অভিযোগ
- আপডেট সময়ঃ ০২:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:-গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভিজিএফের আনুমানিক প্রায় ৫ টন সরকারি চাল অবৈধ ভাবে পাচারকালে
সাদুল্লাপুর উপজেলা প্রশাসন কর্তৃক জব্দ করা হয়। জব্দকৃত চালগুলি পরে রাতে একটি সিন্ডিকেট চক্রের সাথে আতাঁত করে ছেড়ে দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে।
জানা গেছে,গত মঙ্গলবার (১৯ মে) বিকেলে সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজ রোড এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা দিয়ে প্রায় ৫ টন ভিজিএফের চাল অবৈধ ভাবে বিনা চালনে পরিবহনের সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সন্দেহ হয়। এ সময় তারা চাল বহনকারীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, চালগুলো ভিজিএফের সরকারি চাল। পরে বিষয়টি সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসীম উদ্দিনকে ঘটনাস্থলে পাঠিয়ে প্রায় ৫ টন চালসহ পরিবহনে ব্যবহৃত ৫টি ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করেন এবং সেগুলো সাদুল্লাপুর থানায় নিয়ে যান।
ঘটনার পরই শুরু হয় উপজেলা প্রশাসনের সাথে দফায় দফায় লবিং-তদবির। এক পর্যায়ে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দীর্ঘ সময় ধরে নানা নাটকীয়তা ও কাগজপত্র প্রস্তুতের পর চালগুলো ফেরত দেওয়া হয়। উপস্থিত সংবাদকর্মী ও এলাকাবাসীর প্রশ্ন- আটক হওয়ার পর সহকারি কমিশনার (ভুমি)যখন চালগুলি জব্দ করেন তখন ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো বৈধ কাগজপত্র বা ক্রয়ের রশিদ না থাকায় বহনকারী অটোচালিত ভ্যান গুলি চালসহ থানায় নিয়ে যান।এ ছাড়াও সরকারি ভিজিএফের চাল কীভাবে এক উপজেলা থেকে অন্য উপজেলায় পরিবহন হচ্ছিল এবং কার নির্দেশে তা করা হচ্ছিল—এসব বিষয় নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অনেকেই মনে করছেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। একই সঙ্গে সরকারি সহায়তার চাল পাচার কিংবা অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ ব্যাপারে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
বিষয়টি সঠিক তদন্ত করে সরকারি ভিজিএফের চাল পাচার সিন্ডিকেট চক্র ও উপজেলা প্রশাসন কর্তৃক দায়ী কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে জেলা প্রশাসকসহ উর্ধতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।



















