নড়াইলে জাঁকজমকপূর্ণ আয়োজনে দৈনিক আইন বার্তার ৯ম বর্ষপূর্তি পালিত
- আপডেট সময়ঃ ০৮:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
নড়াইল প্রতিনিধি: নড়াইলে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক আইন বার্তার ৯ম বর্ষপূর্তি পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক। তিনি তার বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক আইন বার্তা গত নয় বছরে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধিতে এই পত্রিকার ভূমিকা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও তারা এই ধারা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন দৈনিক আইন বার্তা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি রাজু আহমেদ রাজীব। তিনি পত্রিকার পথচলায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো: আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু এবং নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান। বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা এবং মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ তুলে ধরে দৈনিক আইন বার্তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।



















