সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে চোখ রক্ষা পেল উপজাতী রৌনিনপাড়ায় বম গোষ্ঠীর
- আপডেট সময়ঃ ০৮:২৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ৫৭ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার রৌনিনপাড়ার স্থানীয় বাসিন্দা লাল খম লিয়ান বম এর ৫ বছরের ছেলের চিকিৎসায় তাৎক্ষণিক আর্থিক ও মেডিকেল সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল ০৩ জুন ২০২৬ তারিখে লাল খম লিয়ান বম তার ছেলের চোখের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন নিয়ে রৌনিনপাড়া আর্মি ক্যাম্পে আসেন। তিনি জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে গুরুতর চোখের সমস্যায় ভুগছিল এবং দ্রুত চিকিৎসা না করালে যেকোনো সময় শিশুটির চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। ছয় সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সীমিত আয় দিয়ে পরিবারের ভরণ-পোষণ ও ছেলের ব্যয়বহুল চিকিৎসা নিশ্চিত করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।
আবেদনের পরিপ্রক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর রৌনিনপাড়া আর্মি ক্যাম্প অত্যন্ত দ্রুততার সাথে শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লাল খম লিয়ান বমের ছেলের চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সাথে, সেনাবাহিনীর জোরালো তৎপরতায় দ্রুততম সময়ে সংশ্লিষ্ট চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন করে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়। সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপের ফলে শিশুটির চোখ বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়। সন্তানের সুস্থতা নিশ্চিত হওয়ায় লাল খম লিয়ান বম বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুর্গম পাহাড়ি অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও মানবিক সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চিকিৎসা, শিক্ষা, খাদ্য সংকটে ত্রাণ বিতরণ এবং প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী সবসময়ই সাধারণ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।














