নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র রিফাতের মৃত্যু
- আপডেট সময়ঃ ০৮:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান রিফাত (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর গেইট বাজারসংলগ্ন রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রিফাত ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাদুয়ারচর গেইট বাজার এলাকা থেকে রেললাইন ধরে শহরের দিকে যাচ্ছিলেন রিফাত। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পেছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ দিলীপ চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনে কথা বলায় রিফাত পেছন থেকে আসা ট্রেনটির শব্দ বা উপস্থিতি বুঝতে পারেননি। ফলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



















