৫ দিনের অবরোধ শেষে রেলপথে স্বস্তির বাঁশি
- আপডেট সময়ঃ ০৭:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
আবার ছুটল চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন, তবে বর্ষায় কেন বারবার থেমে যায় রেল যোগাযোগ?
রিপন চৌধুরী :
টানা পাঁচ দিনের অচলাবস্থার পর অবশেষে সচল হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন রুট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। ভারী বর্ষণে রেললাইন তলিয়ে যাওয়ার কারণে বন্ধ থাকা এই পথে রোববার দুপুরে পর্যটক এক্সপ্রেস চলাচলের মধ্য দিয়ে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এতে স্বস্তি ফিরেছে হাজারো যাত্রী, পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে।
রেলওয়ে সূত্র জানায়, রেললাইন থেকে পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামত ও নিরাপত্তা পরীক্ষা শেষে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। রোববার দুপুর পৌনে ২টায় পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করলে পাঁচ দিনের অচলাবস্থার অবসান ঘটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, রেললাইন নিরাপদ হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ট্রেন নির্ধারিত সূচিতে চলবে।
এর আগে একই দিন ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময়ে চট্টগ্রাম পৌঁছে স্বল্প বিরতির পর কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।
গত মঙ্গলবার টানা ভারী বর্ষণে ষোলশহর-জানালীহাট সেকশনে রেললাইন প্রায় ২০ ইঞ্চি পানির নিচে তলিয়ে যায়। একই সময়ে ফরেস্ট গেইট এলাকায় রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ট্রেনটি দীর্ঘ সময় আটকে থাকে। প্রায় ১১ ঘণ্টার দুর্ভোগের পর ওই দিনের যাত্রা বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ।























