সেনাবাহিনী কর্তৃক দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান
- আপডেট সময়ঃ ০১:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান( ১৩ আগস্ট) সকালে ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স ৬৯ পদাতিক ব্রিগেড হলে বান্দরবান পার্বত্য জেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকায় গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের গর্ভাবস্থার ঝুঁকি ও বিপদচিহ্ন শনাক্তকরণ, প্রসবকালীন প্রাথমিক সহায়তা, নবজাতকের প্রাথমিক পরিচর্যা, বুকের দুধ খাওয়ানো, টিকাদান, সিপিআর, ক্যানুলা প্রয়োগ, স্বাস্থ্য কাউসেলিং, পরিবার পরিকল্পনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত রেফারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বান্দরবানের দুর্গম ভৌগোলিক বাস্তবতায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত জনবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রত্যন্ত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কাজে লাগানোর আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক, সিভিল সার্জন, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মকর্তা, প্রশিক্ষক, সামরিক সদস্য, প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।






















