‘শেখ হাসিনা মারা গেলেও তাঁর লাশ আনার মতো লোক পরিবারে নেই’ ঝিনাইদহে রাশেদ খাঁন
- আপডেট সময়ঃ ০৭:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
মোঃ তরিকুল ইসলাম, ঝিনাইদহ: আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আর দেশে ফেরার সুযোগ পাবেন না। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এমনকি শেখ হাসিনা মারা গেলেও তাঁর লাশ দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কোনো সদস্য আর অবশিষ্ট নেই।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিদ্যমান জ্বালানি সংকট প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি এখন জাতীয় সমস্যা। এ সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। তবে জামায়াতে ইসলামী সংকট সমাধানে সহযোগিতা না করে ‘লংমার্চের’ নামে ‘লংড্রাইভ’ শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলনের সময় জামায়াত যেভাবে আওয়ামী লীগের সঙ্গে অবস্থান নিয়েছিল, বর্তমানে জ্বালানি সংকটকে কেন্দ্র করেও তারা একই ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
জামায়াত নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, তিনি নিজেকে বড় শক্তির অধিকারী হিসেবে উপস্থাপন করেছেন। জামায়াত নেতারা দেশের সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীকে মানতে চান না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, একটি ‘গুপ্ত বট বাহিনী’ বা সাইবার বাহিনী ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতাদের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।
সার সংকট প্রসঙ্গে রাশেদ খাঁন দাবি করেন, দেশে বাস্তবে সারের কোনো ঘাটতি নেই। বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া কিছু অসাধু ডিলার কৃত্রিমভাবে সার মজুদ করে সংকট তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। সরকার এসব ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সার সরবরাহের কাঠামো পুনর্গঠন করবে বলেও জানান। একই সঙ্গে সংকট চলাকালে কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খাঁন।
সভায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















