তাড়াশে বিষ প্রয়োগে তালগাছ নিধন: তৎপর কৃষি অফিস ক্ষতিগ্রস্ত তালগাছ পরিদর্শন
- আপডেট সময়ঃ ০৭:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম-দুলিশ্বর রাস্তার দুই পাশে বিষ প্রয়োগ করে তালগাছ নিধনের সংবাদ প্রকাশের পর তৎপর হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ।
খবরটি সংবাদমাধ্যমে প্রচারের পরপরই তাড়াশ উপজেলা কৃষি অফিসের নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদৎ হোসেন সরেজমিনে ঘটনাস্থলে যান। তারা বিষ প্রয়োগে শুকিয়ে যাওয়া তালগাছগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সেগুলো পুনরায় বাঁচিয়ে তোলা সম্ভব কিনা তা খতিয়ে দেখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষা ও বজ্রপাত রোধের উদ্দেশ্যে ‘ছিন্নমূল মানব সেবা সংগঠন’-এর উদ্যোগে দেশীগ্রাম-দুলিশ্বর রাস্তার দুই পাশে এসব তালের বীজ রোপণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি ধানের ক্ষতির অজুহাতে একশ্রেণীর অসচেতন লোক গাছগুলোতে বিষ প্রয়োগ করে।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, “পরিবেশের সুরক্ষা ও বজ্রপাত প্রতিরোধে রাস্তার পাশে রোপণ করা তালগাছগুলো ধ্বংস করা অত্যন্ত নিন্দনীয় কাজ। সংবাদটি দেখার সাথে সাথেই আমাদের দুজন উপসহকারী কৃষি অফিসারকে পাঠানো হয়েছে। গাছগুলো রক্ষা ও পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এদিকে ধানের ক্ষতির অজুহাতে এভাবে পরিবেশবান্ধব গাছ নিধনের ঘটনাটি সামনে আসায় স্থানীয় এলাকাবাসী ও আয়োজক সংগঠনের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।



















